প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
সাবেক সিইসি হাবিবুল আওয়াল ৩ দিনের রিমান্ডে

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা এক মামলায় এ আদেশ দেন আদালত।
এর আগে, তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে উপস্থিত হয়ে হাবিবুল আউয়াল বলেন, “ডামি নির্বাচন শুধু আমার আমলেই হয়নি। তবে কমিশনের প্রধান হিসেবে কিছু ব্যতয় ছিল। দলীয় সরকারের অধীনে প্রতিটি নির্বাচনই বিতর্কিত হয়েছে — এটি বিনয়ের সঙ্গে বলছি।”
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বক্তব্যের বিরোধিতা করে বলেন, “সাধু সাজার চেষ্টা করবেন না। আপনি নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন।”
এর আগে বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বিএনপির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, গত ২২ জুন বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়, যেখানে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে কমিশনার ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বার্তা এক্সপ্রেস